শেখ কামাল কোটি তরুণের প্রেরণার প্রজ্বলিত শিখা: ওবায়দুল কাদের

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শহীদ শেখ কামাল তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে শেখ কামালের বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি আজকে লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্জলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে।’

 

বৃহস্পতিবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

 

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ৭৫ এর আগস্ট ট্র্যাজেডি।’

 

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন মির্জা আজম, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধা নিবেদনের পরে সহযোগী ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা শহিদ শেখ কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *