নজর২৪, ঢাকা- চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে বর্ধিত এ বিধিনিষেধে শিল্পকারখানা খুলে দিয়ে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১০ আগস্ট ২০২১ রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হলো।
শিল্প, কল-কারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট।
ফলে আগামীকাল শুক্রবার (৬ আগস্ট) থেকে শিল্পকারখানা খুলছে, সেইসঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটও চালু হবে।
এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, করোনা মহামারির মধ্যে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে সারাদেশের দোকানপাট খুলে দেওয়া হবে। সীমিত পরিসরে রোটেশন করে যানবাহন চলবে, খুলবে অফিস।
