Home প্রধান খবর শ্রমিকদের জন্য সারাদেশে বাস-লঞ্চ চালু করে দিলো সরকার

শ্রমিকদের জন্য সারাদেশে বাস-লঞ্চ চালু করে দিলো সরকার

0
80

নজর২৪, ঢাকা- রফতানিমুখী শিল্পের শ্রমিকদের ঢাকা আসার সুবিধার্থে কয়েক ঘণ্টার জন্য গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। শ্রমিক পরিবহনের জন্য আগামীকাল দুপুর পর্যন্ত বিভিন্ন রুটের বাস ও লঞ্চ চলবে।

 

শনিবার রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ‘রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট বেলা ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

 

অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, রোববার দুপুর ১২টা পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলায় এবং শিমুলিয়া-বাংলাবাজার, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে।

 

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

 

রোববার থেকে পোশাক কারখানা খোলার ঘোষণায় শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে দল বেঁধে শ্রমিকরা ঢাকায় আসতে শুরু করেছেন। মহামারি নিয়ন্ত্রণের লকডাউনের মধ্যে কারখানা খুলে দেওয়ায় কর্মস্থলে ফিরতে বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে পোশাককর্মীদের।

 

পথের দুর্ভোগ নিয়ে শনিবার ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরমুখী এসব পোশাককর্মী বলছেন, একে চাকরি হারানোর ভয়, অন্য দিকে পথে কিছু নেই। তাদের বিপদ দুই দিকেই।

 

বাংলাদেশে রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এই শিল্প মূলত ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর কেন্দ্রিক হলেও প্রায় ৪০ লাখ শ্রমিক ছড়িয়ে আছে সারা দেশে।

 

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ঈদের পর যে লকডাউন শুরু হয়েছে, তাতে সব শিল্প কারখানাও ৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে সরকারই জানিয়েছিল। ফলে যেসব শ্রমিক ঈদের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন, তারা ধরেই নিয়েছিলেন, লকডাউনে আর ফিরতে হচ্ছে না তাদের।

 

কিন্তু ব্যবসায়ীদের বারবার অনুরোধে শুক্রবার সরকার জানায়, রপ্তানিমুখী কারখানা রোববার থেকে লকডাউনের আওতামুক্ত। অর্থাৎ রোববার থেকে পোশাক কারখানা খোলা।

 

এই সিদ্ধান্ত জানার পর শনিবার সকাল থেকে বিভিন্ন জেলা থেকে পোশাককর্মীরা ঢাকায় রওনা হন, যদিও গণপরিবহন বন্ধ থাকায় কোনো বাস নেই সড়কে। ফলে দিনভর ভোগান্তি পোহাতে হয় হাজার হাজার ঢাকামুখী মানুষকে।

 

উল্লেখ্য, শুক্রবার (৩০ জুলাই) বিকেলে হঠাৎ মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১ আগস্ট (রোববার) থেকে গার্মেন্টসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প-কারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here