আন্তর্জাতিক ডেস্ক- ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের তেল আবিব শহরে নিজেদের দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত।
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের এক বছরের কম সময়ের মধ্যে সেখানে দূতাবাস চালু করলো মধ্যপ্রাচ্যর তেলসমৃদ্ধ দেশটি।
বুধবার (১৪ জুলাই) সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে আমিরাতে ইসরায়েলের দূতাবাস উদ্বোধনের পর আজ তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবনে নিজেদের দূতাবাস উদ্বোধন করেছে আমিরাত।
এতে আরও বলা হয়েছে, মিশর ও জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে আমিরাত ইসরায়েলে দূতাবাস খুললো।
তেল আবিবে আমিরাতের দূতাবাস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ ও আমিরাতের রাষ্ট্রদূত মোহামেদ আল-খাজা। তারা ‘দুই দেশের সম্পর্কে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে’ বলে মন্তব্য করেছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তৈরি করা আব্রাহাম চুক্তির আলোকে গত বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের পদাঙ্ক অনুসরণ আফ্রিকার মুসলিম দেশ মরক্কো ও সুদান।
