Home প্রধান খবর রুপগঞ্জে ভয়াবহ আগুনে ৫২ জনের মৃত্যু: লাশ দেখে কাউকে চেনার উপায় নেই

রুপগঞ্জে ভয়াবহ আগুনে ৫২ জনের মৃত্যু: লাশ দেখে কাউকে চেনার উপায় নেই

0
77

নজর২৪, ঢাকা- নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) লাগা আগুনে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে এসে পৌঁছেছে। এসব লাশ দেখে চেনার উপায় নেই। ডিএনএ পরীক্ষার ভিত্তিতে স্বজনদের কাছে তা হস্তান্তরের কথা জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

 

শুক্রবার (৯ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা এ কথা বলেন।

 

তিনি বলেন, এখন পর্যন্ত যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁদের শরীর এতটাই পোড়া যে লাশ দেখে চেনার উপায় নেই। ঢাকা মেডিকেলের মর্গে লাশগুলো রাখা হবে। স্বজনদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।

 

তিনি আরও বলেন, সবগুলো মরদেহ আগুনে পুড়ে ঝলছে গেছে। প্রয়োজনে তাদের মরদেহ ফ্রিজিং করা হবে। আত্মীদের সঙ্গে ডিএনএ সিম্পল মিলিয়ে পরবর্তীতে মরদেহ হস্তান্তর করা হবে।

 

‘গতকাল আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে তিনি মৃত্যুবরণ করেন। দ্রুত মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। চিকিৎসকের মাধ্যমে মরদেহগুলো শনাক্ত করা হবে।’

 

পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, মামলা এখনও হয়নি, প্রক্রিয়াধীন রয়েছে।

 

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বেপারীকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসন থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

 

এই তদন্ত কমিটি আগুন লাগার কারণ উদঘাটনের পাশাপাশি দোষীদের শনাক্ত করবে।

 

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জের ভুলতার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরির (সেজান জুসের কারখানা) নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় প্রাণ বাঁচাতে ভবনটি থেকে লাফিয়ে পড়েন শ্রমিক স্বপ্না রানী (৪৫) ও মিনা আক্তার (৩৩)। ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান।

 

এরপর মোরসালিন (২৮) নামের একজন শ্রমিক প্রাণ বাঁচাতে ওই ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেন। মোরসালিনকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারখানা থেকে শুক্রবার আরও ৪৯ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here