সময়ের কণ্ঠস্বর, ঢাকা- ১ জুলাই থেকে জারি করা সরকারি বিধিনিষেধের সময় অকারণে ঘর থেকে বের হলে তাকে গ্রেফতার করে মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, অকারণে কেউ যদি ঘর থেকে বের হয় তবে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে। আবার আদালতে না পাঠিয়ে মোবাইল কোর্ট দিয়ে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে।
এই ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড ও উভয়দণ্ড হতে পারে বলে জানান কমিশনার।
তিনি বলেন, এবার লকডাউন ভঙ্গ করে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবেন। এবারে আমরা প্রথমবারের মতো ২৬৯ ধারায় মামলা দিতে যাচ্ছি, যারা বিনা কারণে বাইরে বের হবেন। এরপর তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।
করোনাভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বুধবার।
লকডাউন বাস্তবায়নে ডিএমপির ব্যবস্থা
১. ঢাকা মহানগরীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে পুলিশি টহল বাড়ানো হবে।
২. ঢাকা মহানগরীর প্রবেশ/বাহিরপথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ব্যবস্থাপনা জোরদার করা হবে।
৩. বিধিনিষেধ অমান্যকারীদের ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
৪. ক্ষেত্রবিশেষে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী গ্রেপ্তারসহ নিয়মিত মামলা করা হবে।
৫. মহানগরী এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করা হবে।
