মারা গেল আরও ১ জন, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

নজর২৪, ঢাকা- রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আরও অর্ধশতাধিক জনের।

 

ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা সাতজনের নিহতের খবর পেয়েছি।’

 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুমের বিপরীতে তিনতলা একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে। এর ফলে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

এদিকে রাত ১১টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে হওয়ার পাশাপাশি আহতদের সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে ১৭ জন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতদের স্বজনদের ছুটোছুটিতে আর কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

 

এ প্রসঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছেন, হাসপাতালটিতে জরুরি বিভাগে ৩৯ জনকে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটে অন্তত ১০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সঙ্কটাপন্ন।

 

এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৭৯ আউটার সার্কুলার রোড এর তিন তলা ভবনটির নিচ তলা বিস্ফোরণে লন্ডভন্ড হয়ে গেছে। এই ভবনে বেঙ্গল মিট ও শর্মা হাউজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ভবনের নিচ তলায় একটি জেনারেটর ভেঙেচুরে পড়ে ছিল। বিস্ফোরণে ভবনের ধ্বংসাবশেষ ছিটকে সড়কে থাকা তিনটি বাস ও অন্যান্য যানবাহনের ওপর পড়ে। বাস দুটিতে আগুন ধরে যায়। এতে বাসের যাত্রীরা অগ্নিদগ্ধসহ আহত হন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে ভবনটির অংশ বিশেষ সড়কে ছিটকে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকটি যানবাহনের ওপর ধ্বংসস্তুপ ছড়িয়ে পড়ায় অনেকে আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *