টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

নজর২৪, গোপালগঞ্জ- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ (ওএসপি, এনডিইউ, পিএসসি)।

 

শনিবার (২৬ জুন) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

 

এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর ভবনে রাখা মন্তব্য বইতে স্বাক্ষর করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

 

শ্রদ্ধা নিবেদনের সময় যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নুরুল আনোয়ার, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদ, মিলিটারি সিকিউরিটি মেজর জেনারেল খালেদ আল মামুনসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে মহান মুক্তিযুদ্ধে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর মোহাম্মদ জেনারেল শাহিনুল হক।

 

এরপর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সেনাপ্রধান। এ সময় উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।

 

এর আগে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *