জীবিত বা মৃত, নিখোঁজ চীনা প্রকৌশলীর খোঁজ দিলেই ২ লাখ টাকা

নজর২৪ ডেস্ক- পদ্মা নদীতে পড়ে নিখোঁজের তিনদিনেও চীনা প্রকৌশলী জো জিয়াংয়ের (২৫) সন্ধান মেলেনি। তিনি পদ্মা সেতু প্রকল্পে নিয়োজিত। গত ২২ জুন তিনি সেতুর বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় নদীতে পড়ে নিখোঁজ হন।

 

শুক্রবার (২৫ জুন) রাত ৮টা পর্যন্তও জো জিয়াংয়ের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া মুন্সিগঞ্জের শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান মো. আজাদ।

 

এদিকে যে কোনো অবস্থায় চীনা প্রকৌশলী জো জিয়াংয়ের সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)।

 

চায়না মেজর ব্রিজ কোম্পানির প্রধান মি. সাই জানান, জো জিয়ান চেংয়ের জীবিত বা মৃত যেকোনো অবস্থার সন্ধান দিতে পারলে এ পুরস্কার দেয়া হবে। ইতোমধ্যে পদ্মা তীরবর্তী নৌযান শ্রমিক, জেলে, তীরবর্তী গ্রামগুলোতে এ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

 

গত ২২ জুন মঙ্গলবার রাত ৮টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির বার্জ থেকে নিখোঁজ হন চীনা প্রকৌশলী জো জিয়ান চেং। এরপর থেকে উদ্ধারকারীরা তাকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে খুঁজে চলছেন।

 

ধারণা করা হচ্ছে, যেখানে ওই প্রকৌশলী কাজ করছিলেন সেখানে পানিতে পড়ে চেং নিখোঁজ হয়ে থাকতে পারেন। তবে এর বাইরেও বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। অন্য কোথাও আছেন কি না সেটাও দেখা হচ্ছে।

 

মাওয়া নৌ পুলিশের অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নদীসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়েছে। নদীর আশপাশের সব থানাকে তার বিষয়ে তথ্য পাঠানো হয়েছে। জো জিয়াং এর সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করেছে তার কোম্পানি।

 

নিখোঁজের দিন মাঝ নদীতে বার্জে এসে রাতের শিফটের কাজ শুরু করেছিলেন প্রকৌশলী জিয়ান চেং। সবশেষ তাকে রেলিংয়ের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় অন্য দেশি-বিদেশি প্রকৌশলীরা সেখানে কাজ করছিলেন। এরপর থেকেই উধাও তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *