Home দেশের খবর ময়মনসিংহে সংঘর্ষ: শ্যামলসহ ছাত্রদলের ৫০০ জনের নামে পুলিশের মামলা

ময়মনসিংহে সংঘর্ষ: শ্যামলসহ ছাত্রদলের ৫০০ জনের নামে পুলিশের মামলা

0
102

নজর২৪, ময়মনসিংহ- ময়মনসিংহের শহরতলী এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।

 

বিস্ফোরক আইন এবং পুলিশের কাজে বাধা ও হামলা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০০ থেকে ৫০০ জনকে।

 

শুক্রবার (১৮ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

 

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

 

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দাবি করেন, জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সদর উপজেলার চরকালীবাড়ি এলাকায় ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় বিনা উসকানিতে হামলা ও গুলিবর্ষণ করে পুলিশ।

 

পুলিশের হামলায় ছাত্রদলের ১৭ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ১০ নেতা-কর্মীকে আটক ও ২৮টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

এ সময় তিনি হামলা ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

তবে এর আগে ময়মনসিংহ সদর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আলাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ‘দক্ষিণ চরকালী বাড়ী দাখিল মাদরাসা এলাকায় করোনা পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা ভঙ্গ করে ছাত্রদল সমাবেশ করছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বিনা উসকানিতে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এ সময় বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here