ইসরায়েলের নতুন সরকারকে স্বাগত জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক- দীর্ঘ ১২ বছর পর ইসরায়েলে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। রোববার (১৩ জুন) কথিত ‘কিং অব ইসরায়েল (ইসরায়েলের সম্রাট)’ বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতা হারিয়েছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আরেক কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনৈতিক নেতা নাফতালি বেনেট।

 

ডান-বাম এবং মধ্যপন্থী সাতটি দলের সমন্বয়ে গঠিত নতুন একটি জোট সরকার রোববার বিকেলে ৬০-৫৯ ভোটে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অনুমোদন পেয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে এ অধিবেশন চলে।

 

কোয়ালিশন শরীকদের মধ্যে শুক্রবার সই হওয়া চুক্তি অনুযায়ী আগামী দুই বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্ট মাস পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন কট্টর জাতীয়তাবাদী দল ইয়ামিনার নেতা নাফতালি বেনেট। তারপর তাকে ক্ষমতা তুলে দিতে হবে মধ্যপন্থী রাজনীতিক ইয়ার লাপিদের হাতে, যিনি নতুন এই জোট গঠনের মূল কারিগর ছিলেন।

 

এদিকে বেনেট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে অভিনন্দন জানিয়েছেন।

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন সরকারের সঙ্গে কাজ একযোগে করবে।

 

বেনেটের উদ্দেশ্যে বাইডেন বলেন, ‘আমি আমাদের দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও স্থায়ী সম্পর্কের সমস্ত দিককে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী বেনেটের সাথে কাজ করার প্রত্যাশায় রয়েছি।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বন্ধু ইসরায়েলের নেই।’

 

বাইডেন বলেন, ‘ইসরায়েলের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা অটল রয়েছে।’

 

নতুন সরকারের উদ্দেশ্যে বাইডেন বলেন, ‘উন্নত নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ইসরায়েলি, ফিলিস্তিনি ও এই অঞ্চলের সীমান্ত জুড়ে জনগণের শান্তি নিশ্চিতে ইসরায়েলের নতুন সরকারের প্রতি আমার প্রশাসন পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ।’

 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যথাক্রমে ইসরায়েলের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *