করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ: বললেন সিইসি

নজর২৪, বরিশাল- নির্বাচনের গুরুত্ব আলাদা, করোনার চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শনিবার (১২ জুন) বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

 

দুই ঘণ্টার বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন করলেই করোনা সংক্রমণ বাড়ে, তা সঠিক নয়। রাজশাহীতে এখন নির্বাচন নেই অথচ করোনা বৃদ্ধি।’

 

দেশ বিদেশের এমন নানা চিত্র তুলে ধরে তিনি দাবি করেন, করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া নির্বাচনে করোনার বিস্তার ঘটায় এমন যুক্তিতে আমি বিশ্বাস করি না। করোনা বিস্তারের ১০০টি কারণের মধ্যে নির্বাচন একটি কারণ হতে পারে মাত্র।

 

তার বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে সিইসি বলেন, ‘পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে দিল্লিতে। সেখানে নির্বাচন হয়নি। আমেরিকায়ও নির্বাচনের পরে করোনা সংক্রমণ বাড়েনি। কোভিড পরিস্থিতি শুরুর পর পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও ওই দেশগুলোতে এর প্রভাব পড়েনি।’

 

কে এম নুরুল হুদা বলেন, ‘১১ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে তা স্থগিত করা হয়েছিল। নির্বাচন হলো জনগণের গণতান্ত্রিক অধিকার। তাই নির্বাচনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া, পরিবেশ-পরিস্থিতি যাই হোক না কেন নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

 

প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বিভিন্ন এলাকায় নির্বাচন স্থগিত করলেও বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রমণ কম, তেমন ২০৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বরিশাল বিভাগে ৩৩টি উপজেলার ১৭৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা বাদে ৯টি উপজেলার ৫০টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।’

 

এসময় তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রার্থী কোন দলের, কোন মতের বা কোন পদের তা বিবেচ্য বিষয় নয়। আমাদের কাজ হলো সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। নির্বাচনের দিন ব্যাপক সংখ্যক ম্যাজিস্ট্রেট ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তারা কোনো রকম পক্ষ ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গিতে ভোটের দিন দায়িত্ব পালন করবেন।’

 

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *