নজর২৪, ঢাকা- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুড়িগ্রামের চিলমারীতে নদীবন্দর নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে গিয়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুরে সুরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘হাঁকাও গাড়ি ভাই চিলমারী বন্দর।’
মঙ্গলবার (৮ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চিলমারী কিন্তু একসময় বিখ্যাত বন্দর ছিল। দেশভাগের পর আসামের সঙ্গে লিংক নষ্ট হওয়ায় গুরুত্ব কমে গেছে। এখন যেহেতু আমরা আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বাড়াচ্ছি, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গেও বাড়াচ্ছি। চিলমারী বন্দরটা আবার আগের জায়গায় যাবে। তখনই প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিলেন, হাঁকাও গাড়ি ভাই চিলমারী বন্দর।’
এ বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিংবদন্তী শিল্পী ভাইওয়া সম্রাট আব্বাস উদ্দীনের ওকি গাড়িয়াল ভাই গানটির দুটি কলি উচ্চারণ করেছেন। তিনি জানান, ওই গানে শিল্পী গরুর গাড়ির কথা বুঝিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী সেই চিলমারীতে এখন রেলগাড়ি দিয়েছেন।
একনেক চিলমারী নদী বন্দর নির্মাণে ২৩৫ কোটি ৫৯ লাখ টাকার যে প্রকল্প অনুমোদন দিয়েছে তা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি ২০২১ হতে জুন ২০২৩। প্রকল্পটি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দহীনভাবে সংযুক্ত অননুমোদিত নতুন এবং উচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে।
