নজর২৪, ঢাকা- অবশেষে বহুল আলোচিত-সমালোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির বর্তমান পরিধি ৩৩ সদস্যবিশিষ্ট।
কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব হিসেবে বহাল রাখা হয়েছে। সেখানে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রয়াত আমীর শাহ আহমদ শফীর বড় ছেলে মো. মোহাম্মদ ইউসুফকেও রাখা হয়েছে।
কমিটিতে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা মুহিব্বুল হক (সিলেট), মাওলানা আবদুল কুদ্দুসসহ (ফরিদাবাদ) কয়েকজনকে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে।
কমিটিতে যুগ্ম মহাসচিব করা হয়েছে সংগঠনটির সাবেক আমির আহমদ শফীর বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফকে। তিনি ছাড়াও যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন- মাওলানা সাজিদুর রহমান (বি-বাড়িয়া), মাওলানা আবদুল আউয়াল (নারায়নগঞ্জ) ও মাওলানা লোকমান হাকিম।
আর সাংগঠনিক সম্পাদক মনোনিত হয়েছেন মাওলানা মীর ইদ্রিস।
তবে নতুন কমিটিতে বাদ পড়েছেন বিলুপ্ত কমিটির যুগ্মমহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ অনেকেই। বিতর্কিত হওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশের একটি বড় কওমি মাদরাসা এবং হেফাজতে ইসলামের অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা। এই মাদরাসা থেকে ২০১০ সালে হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।
কিন্তু দলটির সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলাম রাজনৈতিক দলের দিকে মোড় নেয়। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হেফাজতের কমিটিতে যুক্ত হতে থাকেন।
একপর্যায়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে গত ২৫ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এর আমির জুনাইদ বাবুনগরী।
ওই দিনই কয়েক ঘণ্টা পর বিলুপ্ত কমিটির উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে আহ্বায়ক কমিটিতে প্রথমে আমির জুনাইদ বাবুনগরী ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদীকে রাখা হয়। এর পর তাদের সালাহ উদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরীকে যুক্ত করে কমিটির সদস্য সংখ্যা পাঁচ জন করা হয়।
