নজর২৪, ঢাকা- বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনতিবিলম্বে পাসপোর্টে শব্দযুগল পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।
শনিবার (৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমবেত হন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শতাধিক নেতা-কর্মী। সেখানে দলের নেতারা বক্তব্য রাখেন।
পরে সমবেত নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ পূর্ব সমাবেশে একজন বক্তা বলেন, “আল জাজিরায় সংবাদ প্রকাশের পর সরকার থেকে বলা হয়েছিল, ইহুদিদের কাছ থেকে কিছু কিনে নাই। এখন দেখা যাচ্ছে সম্পর্ক রাখছে। হঠাৎ ‘একসেপ্ট ইসরাইল’ বাদ গেল। কী এমন হলো? আল জাজিরা যে প্রতিবেদন করেছিল, তাই কী ঠিক। সরকার এটা বাদ দিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই শব্দ বাদ দিয়ে ফিলিস্তিনের পরিবর্তে ইসরাইলের দিকে সমর্থন দিয়েছে।”
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম বলেন, “ইসরাইলে সঙ্গে কোনো ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না। পাসপোর্ট আবার ‘একসেপ্ট ইসরাইল কথাগুলো যুক্ত করতে হবে। অন্যথায় তীব্র আন্দোলনের গড়ে তোলা হবে।”
দলটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, “বঙ্গবন্ধু পাসপোর্ট ‘একসেপ্ট ইসরাইল’ শব্দগুলো যুক্ত করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী পিতার আদর্শ ধরে রাখতে পারেননি। পিতার সুযোগ্য কন্যা বলা সুযোগ মনে হয় থাকছে না। আপনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হয়ে থাকেন তাহলে পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল কথাটি পুনস্থাপন করুন।”
