নজর২৪, ঢাকা- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘খুনি’ আখ্যা দিয়ে তাকে স্মরণ করে কোনো কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে না দেয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলের অনুসারী ছাত্র সংগঠন ছাত্রলীগ।
সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় বৃহস্পতিবার (০৩ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে এই ঘোষণা দেন।
ছাত্রলীগের মূল্যায়নে ‘শিক্ষাবান্ধব এবং উন্নয়নমূখী বাজেট’ প্রণয়ন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জয় বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতার হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলে খুনি জিয়াউর রহমানের। আমরা খুনি জিয়ার কোনো প্রোগ্রাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে দেব না। ক্যম্পাসে বিশৃঙ্খলা তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত করার চেষ্টা করলে ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট।’
‘যারা মিথ্যা অপবাদ দিয়ে ছাত্রলীগকে কলুষিত করতে চায় তাদের উদ্দেশে বলেন, ছাত্রলীগ মাঠে আছে দেখেই আপনারা শান্তিতে ঘুমাতে পারেন। ছাত্রলীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সজাগ আছে। কেউ অরাজকতা করলে তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত থাকব।’
বাজেটের প্রশংসা করে ছাত্রলীগ সভাপতি জয় বলেন, ‘এ দেশের জনগণ, কৃষক, শিক্ষার্থী এবং স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য এ বাজেট। এই উন্নয়ন এবং গণমুখী বাজেট করার জন্য প্রাণপ্রিয় নেত্রীকে ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে।’
তিনি বলেন, ‘আমরা ধন্য আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন। সারা বিশ্ব যখন করোনা মহামারিতে অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়ের প্রতিফলন আজকের বাজেটে আমরা দেখেছি।’
