নজর২৪, ঢাকা- বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে সহায়তা হিসেবে ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় চার কোটি ২৪ লাখ টাকা) দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওআই রামাদানকে পাশে রেখে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ইসরায়েল নীতির কোনো পরিবর্তন হয়নি। কোনো বাংলাদেশি যদি ইসরায়েল সফর করেন বা করার চেষ্টা করেন তাহলে তাঁকে শাস্তি পেতে হবে।
ওই অনুষ্ঠানে ফিলিস্তিনের জনগণের জন্য বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রায় ৪০ লাখ টাকার ওষুধসামগ্রী গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম ওই ওষুধসামগ্রী হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জর্দানের মাধ্যমে এই মানবিক সহায়তা ফিলিস্তিনের জনগণের জন্য পাঠানো হবে।
এসময় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, ফিলিস্তিনের প্রকৃত বন্ধু বাংলাদেশ। আমরা শুরু থেকেই এই দেশের সরকার ও জনগণের সহায়তা পেয়ে আসছি।
ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘আমি পাঁচ বছর বাংলাদেশে আছি। ১৪ দিন ধরে বাংলাদেশের মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। গাজায় ইসরায়েলি হামলার পর এই দেশের মানুষ আমাদের বিপুলভাবে সহায়তা করেছে।’
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বিপুল পরিমাণে অর্থসহায়তা পেয়েছি। বাংলাদেশ সরকার আমাদের দুটি ব্যাংক হিসাব করতে সহায়তা করেছে। এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়েও টাকা পেয়েছি। আমরা এই সহায়তা গাজায় পাঠাব। তবে ঠিক কত টাকা পেয়েছি, তা এখনো হিসাব হয়নি। সহায়তা পাওয়া অব্যাহত রয়েছে।’
