আন্তর্জাতিক ডেস্ক- ১০ দিন ধরে চলতে থাকা হামাসকে লক্ষ্য করে ইসরাইলী বোমাবর্ষণ, উল্লেখযোগ্যভাবে প্রশমিত করার যে আবেদন প্রেসিডেন্ট জো বাইডেন করেছিলেন, বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী তা প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহু বরঞ্চ এক বিবৃতিতে বলেন, লক্ষ্য হাসিল না হওয়া অব্দি তিনি হামলা জারি রাখবেনI
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা কমানোর কথা বলার কিছুক্ষণ পরই এক ভিডিও বার্তায় নেতানিয়াহুর এ ঘোষণা আসে।
টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোন কলের কথা উল্লেখ না করে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে বলায় জো বাইডেনকে প্রশংসা করেছেন। নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের নাগরিক, আপনাদের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে আমি সংকল্পবদ্ধ।’
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে মাত্র ২৫ মিনিটে উপত্যকার বিভিন্ন এলাকায় ১২২টি শক্তিশালী বোমা মেরেছে তারা। এতে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু ভবন ও বাসাবাড়ি। গাজা শহরের সর্বত্র এখন ধ্বংসযজ্ঞ আর মৃত্যুর বিভীষিকা।
ইসরাইলি আগ্রাসনে গেল ১০ দিনে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে, এরমধ্যে ৬৩ জনই শিশু। গাজায় এ পর্যন্ত ৫২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮শর বেশি ভবন-বাসাবাড়ি।
ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে, গাজার ৫০টি স্কুল ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এতে প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর স্কুলজীবন হুমকির মুখে পড়েছে।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছে না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
