নজর২৪, ঢাকা- সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাকে হয়রানিমূলক অভিহিত করে এবং তাকে নিপীড়নের অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকরা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে শাহবাগ থানায় অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তারা এই প্রতিবাদী কর্মসূচি পালন শুরু করেন। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে ছিলেন।
সাংবাদিকেরা বলছেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, সেই একই অভিযোগ যেকোনো অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে আনা যায়। সে কারণে রোজিনা ইসলামকে কথিত যে দোষে দোষী বলে অভিযুক্ত করা হচ্ছে, এমন অসংখ্য অভিযোগ থানায় উপস্থিত সাংবাদিকদের বিরুদ্ধেও আনা যায়। কারণ অনুসন্ধানী সাংবাদিকেরা জনস্বার্থে এমন গোপন নথির মাধ্যমে দুর্নীতি উন্মোচন করে থাকেন। তাই তাঁরা স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে থানায় হাজির হয়েছেন।
কারাবরণের আবেদন নিয়ে হাজির হওয়া সাংবাদিকেরা হলেন, বদরুদ্দোজা বাবু, মিলটন আনোয়ার, মহিম মিজান, পারভেজ রেজা, মুনজুরুল করিম, আব্দুল্লাহ তুহিন, খান মুহাম্মদ রুমেল, অপূর্ব আলাউদ্দীন, আবদুল্লাহ আল ইমরান, নয়ন আদিত্য, মুক্তাদির রশীদ রোমিও, এস এম নূরুজ্জামান, শাহনাজ শারমিন, কাওসার সোহেলী।
গতকাল সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে সচিবালয় থেকে তাকে শাহবাগ থানায় আনা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলায় তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়। মঙ্গলবার ওই মামলায় তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।
আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাবিধি অনুযায়ী রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ারও আদেশ দেন আদালত। পরে রোজিনাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। আগামী বৃহস্পতিবার (২০ মে) তার জামিন আবেদনের শুনানি হবে।
