Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, বাইডেনের নৈশভোজ বর্জন মুসলমানদের

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, বাইডেনের নৈশভোজ বর্জন মুসলমানদের

0
76

আন্তর্জাতিক ডেস্ক- ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মুসলমান।

 

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়ায় হোয়াইট হাউজে তার আয়োজনে ঈদ নৈশভোজ বর্জনের ডাক দিয়েছে আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন নামের একটি সংগঠন।

 

স্থানীয় সময় রোববার তারা ‘ফিলিস্তিনের সঙ্গে ঈদ’ নামের পাল্টা একটি কর্মসূচির ঘোষণা দেয়।

 

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট বাইডেন, হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস সম্প্রতি যে বিবৃতিগুলো দিয়েছেন, সেগুলোতে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের জাতিগত নিধন, রমজানে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলা এবং গাজায় চলমান অবরোধকে (যাতে এরই মধ্যে শতাধিক মানুষের প্রাণ গেছে) পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।’

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিলিস্তিন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে দেশজুড়ে মুসলমানরা সম্মিলিতভাবে সম্প্রদায়ের সদস্যদের প্রতি হোয়াইট হাউজের অনুষ্ঠান বর্জনের তাগিদ দিচ্ছে। একই সঙ্গে হোয়াইট হাউজের অনুষ্ঠানের প্রতিবাদে ফিলিস্তিনের সঙ্গে ঈদে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছে।’

 

এর আগে যুক্তরাষ্ট্রের মুসলমানদের প্রভাবশালী সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স জানায়, তারা হোয়াইট হাউজে ঈদ উদযাপন বর্জন করবে।

 

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছে। এ ছাড়া দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ১৩ জন নিহত হয়েছে। গত এক সপ্তাহের হামলায় ফিলিস্তিনে আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

 

যুক্তরাষ্ট্রে মুসলমানদের অ্যাডভোসি গ্রুপ এক বিবৃতিতে বলছে, সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন, হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি ও পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর চলা জাতিগত নিধন সম্পূর্ণ অস্বীকার করেছেন। রমজানের সময় আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর নির্যাতন করা হয়েছে, গাজায় এখনো হামলা চলছে এবং শত শত মানুষকে হত্যা করা হচ্ছে।

 

এ জন্য গ্রুপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সারা বিশ্বের মুসলমানদের আহ্বান জানায়, ফিলিস্তিনি মুসলমান ভাইদের রক্ষায় এগিয়ে আসতে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে ফিলিস্তিনিদের হত্যার অভিযোগ তুলে হোয়াইট হাউজের নৈশভোজ আগেই বর্জন করেছে আরেকটি মুসলিম কমিউনিটি ‘দ্য কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশন’।

 

গত কয়েকদিন থেকেই যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের সমর্থনে ও তাদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে। শনিবার সেই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। তারা সবাই ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here