নজর২৪, ঢাকা- রাজধানীর পল্টন থানায় পৃথক তিন মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ রিমান্ডে আদেশ দেন। তিন মামলায় পর্যায়ক্রমে তাদের রিমান্ড ভোগ করতে হবে আদেশে উল্লেখ করা হয়।
পাঁচ দিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে পৃথক তিন মামলায় ত্রিশ দিনের রিমান্ডের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের তিন মামলায় ৭ দিন করে মোট ২১ দিনের রিমান্ডের নির্দেশ দেন। মামলাগুলো হলো- ৫৭(৩)২১, ৬০(৩)২১ ও ১১(৫)১৩।
এর আগে গত ১৫ এপ্রিল বিকেলে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালত তাদের পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এ সময় মতিঝিলের দুই মামলায় ও পল্টনের এক মামলায় তাদের দশ দিন করে ত্রিশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় সাত দিন করে ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।





