নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ সোমবার থেকে সারাদেশে শুরু হয়েছে সাত দিনের লকডাউন। এ ব্যাপারে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে শপিংমল ও অন্যান্য দোকান বন্ধের কথা বলা হয়েছে। তবে লকডাউনেও দোকানসমূহ খোলার রাজধানীতে রাস্তায় নেমেছেন দোকান মালিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, লকডাউনের প্রথম দিনই আজ সোমবার দুপুরে রাজধানীর গাউছিয়া ও নিউমার্কেটের ব্যবসায়ীরা রাস্তায় নেমে দোকান খোলার দাবিতে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
ব্যবসায়ীরা বলছেন, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মার্কেট খোলা রাখার জন্য সরকারের অনুমতি চান। এছাড়া গত এক বছরে করোনায় যে ক্ষতি হয়েছে তা সামনের রমজানে মার্কেট খোলা রাখলে কিছুটা পোষাতে পারবে বলে জানান তারা।
এদিকে গাউছিয়া মার্কেটের সভাপতি কামরুল হাসান বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সীমিত পরিসরে আন্দোলন চালিয়ে যাবো।
এর আগে গতকাল একই দাবিতে নিউমার্কেট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।
