নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পি’টিয়ে হত্যা

নজর২৪, নোয়াখালী: নোয়াখালী পৌরসভার দত্তবাড়ী এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোহাম্মদ আলী মনু (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

 

সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মোহাম্মদ আলী মনু সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ী এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলো।

 

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ইকবাল তার সহযোগীদের নিয়ে লাপাত্তা রয়েছেন।

 

পরিবারের অভিযোগ, নিহত মনুর পরিবারের সাথে তার চাচা ইকবালের (৫০) সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

 

স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার রাতে দত্তবাড়ি এলাকা থেকে মনুকে ধরে নিয়ে যান তার চাচা ইকবাল ও তার সহযোগীরা। এরপর দত্ত বাড়ির পাশে একটি দোকানে মনুকে আটকে রেখে তার দুই পায়ে, বুকে, মাথায় গুরুতর আঘাত করে। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সুধারাম মডেল থানার ওসি শাহেদউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *