দেশের ইতিহাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪৫ জনের

নজর২৪, ঢাকা- দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৫ হাজার ১৮১ জন রোগী শনাক্ত হয়েছে। যা দেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জন।

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এটিও গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জন।

 

সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২২৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২০টি, জিন-এক্সপার্ট ৩১টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭৩টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৮ হাজার ৬৬৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ১৭ হাজার ২৫টি।

 

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

 

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৪৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ, ১৫ জন নারী। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৪ জন, বাড়িতে এক জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *