নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ শিমরাইল এলাকা থেকে হেফাজত সমর্থকদের সরিয়ে দেওয়ার পর আবারও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে ৭টা পর্যন্ত মহাসড়কের একটি বাস ও চারটি ট্রাক ও চারটি পিক-আপ ভ্যানে সহ ১০টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, কর্মী নিহতের প্রতিবাদে সকাল থেকে হেফাজতে ইসলামের হরতাল চলে। বিকাল পাঁচটার পর থেকে নারায়ণগঞ্জ পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ঢাকামুখী যানবাহন চলাচল শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে গেলে তারা আবারও জড়ো হয়ে যানবাহনকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তারা সরে যায়। ধাওয়া, পাল্টা ধাওয়ার এক পর্যায়ে একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একেক করে ট্রাক, কভার্ডভ্যানসহ অন্তত ১০টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।’
আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। কয়েকটি গাড়ির আগুন নেভানো গেলেও অধিকাংশই এখনও জ্বলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে প্রায় ১১ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছে ঢাকার সাথে চট্টগ্রাম বিভাগের যান চলাচল।
