সাইনবোর্ডে সংঘর্ষ, ভাঙচুর, আগুনঃ গুলিবিদ্ধ ২

নজর২৪, ঢাকা- ঢাকা-চট্টগ্রামের প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় পুলিশ-বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৪ গাড়িতে আগুন ও শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

 

রোববার (২৮ মার্চ) সকাল আটটা থেকে সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয় বেশ কয়েকটি মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা। টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করে।

 

এ সময় বিজিবি ও পুলিশ সদস্যরা এগিয়ে গেলে হরতাল সমর্থকরা বিজিবি ও পুলিশ সদস্যদের ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

 

সংঘর্ষের এক পর্যায়ে শতাধিক গাড়ি ভাঙচুর করে হেফাজত কর্মীরা। থেমে থেমে চলে সংঘর্ষ। হেফাজতে ইসলামের সহস্রাধিক কর্মী ওই এলাকায় অবস্থান করছে। বেশকিছু দূরে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান করছে। থেমে থেমে এখনো সংঘর্ষ চলছে।

 

এদিকে বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় ৪ গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই গাড়িগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

 

অন্যদিকে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুর যেতে বসিলা ব্রিজ ব্লক করে বসে আছেন হেফাজতের কর্মীরা। এ সময় তাদের খুব কাছেই অবস্থান করছিল পুলিশ ও র‌্যাব সদস্যরা। এছাড়া রাজধানীর গাবতলী ও টঙ্গী ব্রিজ এলাকার প্রবেশ মুখে কোনো সমস্যা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *