নজর২৪, ঢাকা- শিশু বক্তা’ হিসেবে আলোচিত রফিকুল ইসলাম মাদানী বলেছেন, আলহামদুলিল্লাহ ধরা পরে গেছি, সমস্যা নেই, মরতেও রাজি আছি তবুও মোদি আসতে পারবে না।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন বিরোধী বিক্ষোভ থেকে পুলিশ শিশুবক্তা রফিকুল ইসলাম নেত্রকোণা গ্রেপ্তার করে। এরপর পুলিশভ্যানে বসে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টে এ মন্তব্য করেন।
এ পোস্টের দু’মিনিট পর তিনি তার ফেসবুক থেকে লাইভে আসেন। লাইভে দেখা যায় তাকে ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তার সঙ্গে আরো কয়েকজন সহযোদ্ধা। এ সময় রফিকুল ইসলাম ফেসবুক লাইভে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী! আপনার দেখছেন, পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে প্রিজনভ্যানে নিয়ে এসেছে।
রফিকুল ইসলাম আরও বলেন, আমরা বলতে চাই, আমরা দেশের বিরুদ্ধে নই এবং ইসলামের বিরুদ্ধে না। আমাদেরকে পুলিশ ভাইয়েরা আঘাত করেছে। আমরা তাদেরকে বলবো, আমাদের আঘাত করা আর দেশকে আঘাত করা একই কথা। আমরা দেশের বিরুদ্ধে নই এবং ইসলামের বিরুদ্ধে নয় আমরা মোদির বিরুদ্ধে ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চার পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি।
এছাড়াও মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১০/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩৪ জন কর্মীকে আটক করেছে বলে জানা গেছে। এরমধ্যে শিশুবক্তা রফিকুল ইসলামও রয়েছেন।
