নরেন্দ্র মোদীর আগমনে কঠোর কর্মসূচিতে যাচ্ছে না হেফাজত

নজর২৪, ঢাকা- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। একইসঙ্গে মোদীকে করা আমন্ত্রণ বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যথায় রাজপথে সংঘাতমূলক কর্মসূচি না থাকলেও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

 

‌সোমবার (২২ মার্চ) ঢাকা রি‌পোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন।

 

তিনি বলেন, আমরা দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাতিলের আহ্বান জানাই।

 

লিখিত বক্তব্যে জুনায়েদ আল হাবীব বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান হিসেবে ঈমানী দায়িত্ব ও দেশপ্রেমের দায়বোধ থেকেই নরেন্দ্র মোদির আগমণের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।

 

হেফাজতের কি ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবে জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আমরা এখন কোনও কর্মসূচি ঘোষণা করছি না। আপতত এ বিষয়ে সংবাদ মাধ্যমে আমাদের বক্তব্য দেয়া অব্যাহত থাকবে।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার প্রসঙ্গে মামুনুল হক বলেন, ভারতের প্রধানমন্ত্রী না আসার জন্য একটি সংবাদ সম্মেলন কিংবা প্রতিবাদ জানানো অনেক কিছু। তবে এ ইস্যু নিয়ে আমরা কোনো সংঘাতে যাচ্ছি না। এমনকি রাজপথেও আমাদের কোনো পরিকল্পনা নেই।

 

তিনি বলেন, হেফাজতে ইসলাম কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করে না। হেফাজতে ইসলাম দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে। ইসলাম ও দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম গর্জে উঠবে। হেফাজতে ইসলাম দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করে।

 

নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাতিলের জন্য সরকারকে সরাসরি জানানো হবে কিনা জানতে চাইলে মামুনুল হক বলেন, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে এই দাবি জানিয়েছি। এর বাইরে সরাসরি সরকারের কাছে কোনও দাবি তুলে ধরা হবে না।

 

মামুনুল হক আরও বলেন, ‘হেফাজতে ইসলাম কোনও উগ্রবাদী সংগঠন নয়, শান্তিপূর্ণ সংগঠন। নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোই আমাদের কাজ। এখানে রাজপথে মিছিল অথবা সংঘাতমূলক কোনও কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না।

 

মোদির আগমণে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহিমান্বিত হবে না বরং কলঙ্কিত হবে বলে দাবি করে মামুনুল হক বলেন, যে কোন উপায়ে নরেন্দ্র মোদির কাছে সংবাদ পৌঁছাবে যে মানুষ তাকে চাচ্ছে না। কাজেই তারও যদি আত্মসম্মানবোধ থেকে থাকে তাহলে তিনিও বাংলাদেশে আসবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *