আন্তর্জাতিক ডেস্ক- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হওয়ার পর দেশটির ফার্স্ট লেডি হিসেবে পরিচিত তার স্ত্রী বুশরা বিবিও আক্রান্ত হয়েছেন এই রোগে। ইমরান খানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী জুলফিকার বুখারি এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
টুইটবার্তায় বুখারি বলেন, ‘আমাদের ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডির দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদের আরোগ্য দান করুন।’
পরে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য ফয়সার জাভেদ দেশটির পত্রিকা ডনকে এর সত্যতা নিশ্চিত করেন। এক প্রতিবেদনে ডন জানিয়েছে, একই দিন আক্রান্ত হয়েছেন ইমরান খান ও বুশরা বিবি।
গত বৃহস্পতিবার চীনে তৈরি সিনোফার্মার টিকা নেন ইমরান। শনিবার তিনি করোনাভাইরাস পজিটিভ ঘোষণা আসার পর তার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান জানান, প্রধানমন্ত্রী ঘরে আইসোলেশনে থেকে বিশ্রাম নিচ্ছেন। তার হালকা উপসর্গ রয়েছে। তার স্বাস্থ্যগত বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে।
টিকা নেওয়ার পর ইমরান খানের করোনায় সংক্রমিত হওয়ার বিষয়টি নিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এ ব্যাপারে ফয়সাল সুলতান ধারণা করছেন, আগেই ইমরান করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন।
পাকিস্তানে করোনার সংক্রমণ বাড়ছে। দেশটিতে জাতীয় পর্যায়ে সংক্রমণের হার ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। সবশেষ ২৪ ঘণ্টায় পাকিস্তানে ৩ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত জুলাইয়ের পর পাকিস্তানে এক দিনে করোনা শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ। এ সময়ে দেশটিতে ৪২ জন করোনায় মারা গেছেন।
