আন্তর্জাতিক ডেস্ক- নারীদের বোরকা পরিধান নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কার সরকার। এছাড়া বন্ধ করে দেয়া হবে এক হাজারেরও বেশি মাদরাসা। দেশটির এক মন্ত্রী শনিবার এ কথা জানান। খবর রয়টার্সের।
জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ ভিরাসেকারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় নিরাপত্তাজনিত’ কারণে মুসলিম নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করতে শুক্রবার তিনি ক্যাবিনেটের অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন।
তিনি বলেন, ‘আমাদের সময়ে অতীতে মুসলিম মহিলা ও মেয়েরা কখনো বোরকা পরতো না। এটি ধর্মীয় চরমপন্থার লক্ষণ, যা সাম্প্রতিক কালে এসেছে। আমরা অবশ্যই এটা নিষিদ্ধ করতে যাচ্ছি।’
মন্ত্রী ভিরাসেকারা আরও বলেন, সরকার এক হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এসব মাদ্রাসা শ্রীলঙ্কার জাতীয় শিক্ষানীতি অনুসরণ করছে না বলে অভিযোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘যে কেউ চাইলেই স্কুল খুলে আপনার ইচ্ছামতো বাচ্চাদের শিক্ষা দিতে পারে না’।
২০১৯ সালে শ্রীলংকায় সিরিজ বোমা হামলার পর দেশটিতে বোরকা, নিকাবসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন পোশাক সাময়িক নিষিদ্ধ করা হয়। এবার স্থায়ীভাবে এসব পোশাক নিষিদ্ধ করার ঘোষণা দিলেন মন্ত্রী।
এদিকে দেশটির মুসলিম সংখ্যালঘুরা সরকারের এমন আচরণের তীব্র সমালোচনা করে এটিকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেছেন।
