Home শিক্ষাঙ্গন ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ নয়, আয়োজনের নীতিমালা করবে ঢাবি

‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ নয়, আয়োজনের নীতিমালা করবে ঢাবি

0
115

নজর টুয়েন্টিফোর, ঢাকা- র‌্যাগ ডে বিষয়ে নিজেদের প্রেরিত বিজ্ঞপ্তি সংশোধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসংযোগ দপ্তর কর্তৃক র‌্যাগ ডে নিষিদ্ধ সংক্রান্ত তথ্যটি অসাবধানতাবশত ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

বলা হয়েছে, ‘র‌্যাগ ডে’ আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে। এর জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। ঢাবি উপউপাচার্যকে (প্রশাসন) এই কমিটির আহ্বায়ক রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে নতুন এ বিজ্ঞপ্তি জারি করা হয়। দফতরের পরিচালক মাহমুদ আলম বিজ্ঞপ্তিতে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মূলত কেমন ছিলো সে সম্পর্কে বলা হয়, র‌্যাগ ডে পালন নামে ক্যাম্পাসে ও আবাসিক হলে অমানবিক, অসৌজন্যমূলক ও শৃঙ্খলা পরিপন্থী কোনো আচরণ যাতে সংঘটিত না হয়, তার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখার জন্য বলা হয়েছে। ‘শিক্ষা সমাপনী’, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান/ উৎসব/ বর্নাঢ্য র‌্যালী ইত্যাদি আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে।

সেজন্য কমিটিও গঠন করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। কমিটিতে আহ্বায়ক প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিনরা সদস্য এবং সদস্য সচিব থাকবেন প্রক্টর।

এর আগে, বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কথিত ‘র‌্যাগ ডে’ নামে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব আয়োজন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাবি শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here