নজর২৪, নোয়াখালী- বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে আনীত জেলা আওয়ামী লীগের অব্যাহতি ও কেন্দ্রের কাছে বহিষ্কারের সুপারিশ ২ ঘণ্টার মধ্যেই স্থগিত এবং প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শনিবার তাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ এবং দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি জারির ২ ঘণ্টার মধ্যেই সেটি প্রত্যাহার করে নেয় নোয়াখালী জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী বলেন, ‘নোয়াখালী আওয়ামী লীগের শান্তি-শৃঙ্খলার স্বার্থে আদেশটি প্রত্যহার করা হলো।’ তবে তিনি লিখিতভাবে কিছু জানাতে পারেননি।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, ‘কাদের মির্জাকে দল থেকে বহিষ্কারের লিখিত যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তা বহাল রয়েছে। সভাপতি কার সঙ্গে আলোচনা করে প্রত্যাহার করেছেন তা আমি জানি না।
এর আগে, কাদের মির্জাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়ে শনিবার সন্ধ্যার দিকে গণমাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।
