৩ কোটি ২০ লাখ রুপিতে আবার কলকাতায় সাকিব

স্পোর্টস আপডেট ডেস্ক- বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে আবারও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ চুতর্দশ আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে শাহরুখ খানের দল। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭৪ লাখ টাকা।

 

এর আগে ৭ মৌসুম নাইট রাইডার্সে খেলেছেন সাকিব। দুই মৌসুম আগে তাকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। এরপর সাকিব সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন।

 

সাকিবকে ছেড়ে দেওয়ায় কলকাতা নাইট রাইডার্সে কোনো বাঙালি ক্রিকেটার ছিল না। ছিল না কোনো স্থানীয় ক্রিকেটার। বিষয়টি নিয়ে ওপার বাংলার মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কলকাতার সমর্থকেরা সাকিবকে ফেরানোর দাবি জানিয়েছিল। কিন্তু ত্রয়োদশ আইপিএলের আগে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হন সাকিব। এখন তার নিষেধাজ্ঞা কেটে গেছে, ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আইপিএল খেলতেও বাঁধা নেই।

 

চেন্নাইয়ে আজ (বৃহস্পতিবার) আইপিএলের নিলামে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই বেশ জমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের।

 

টাইগার অলরাউন্ডারের জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব কিংস তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে। এক পর্যায়ে জমে ওঠে লড়াই। একটু একটু করে দাম বাড়ছিল। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে ঠেকেছে সাকিবের দাম।

 

ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে ৩ কোটি ২০ লাখ রুপিতে উঠলে কলকাতার সঙ্গে আর কোনো দল লড়াই করতে রাজি হয়নি।

 

নিলামের ২ নাম্বার সেটে ছিলেন সাকিব। তার সঙ্গে ছিলেন ডেভিড মালান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিসের মতো তারকারা। প্রথমেই নাম ওঠে গ্লেন ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের প্রতিও আগ্রহ ছিল কলকাতার। তবে পরে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস মিলে টানাটানি শুরু করলে দাম বাড়তে থাকে ম্যাক্সওয়েলের।

 

২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে ম্যাক্সওয়েলের দাম গিয়ে ঠেকেছে সোয়া ১৪ কোটি রুপিতে। এত বিশাল অংক খরচ করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *