বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, প্রমাণ পেশ করবো: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নজর২৪, ঢাকা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জড়িত থাকার প্রমাণ রয়েছে, যথাসময়ে তা জাতির সামনে পেশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দফতরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

 

জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়টি প্রস্তাব আকারে রয়েছে জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক বলেন, পরবর্তী পদক্ষেপ জানতে অপেক্ষায় থাকতে হবে।

 

মন্ত্রী বলেন, ‘এটা তো প্রস্তাব। এটা তো আপনারা দেখেছেন। আমরা প্রস্তাবের মালিক, আমরা তো প্রস্তাব করেছি।’

 

জিয়ার বীর উত্তম খেতাব বাতিলের পরবর্তী ধাপ কী হবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ওয়েট অ্যান্ড সি…।’

 

কেন এমন প্রস্তাব দেয়া হলো, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি যে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। সেই হিসেবে, খুনি হিসেবে আমরা এ কথা বলেছি।’

 

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) প্রস্তাবের বিপরীতে বিএনপির দাবি নাকচ করে মন্ত্রী আরও বলেন, ‘তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি খুনের সঙ্গে জড়িত নয়। জবাবে আমরা বলেছি তার কী সম্পৃক্ততা আছে, তার দালিলিক প্রমাণসহ তথ্যাদি আমরা জাতির সামনে উপস্থাপন করব।’

 

এর আগে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয় জামুকা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *