নজর২৪, কুড়িগ্রাম- কুড়িগ্রামের উলিপুরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে পৌরসভার হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছয়জনের বিরুদ্ধে আজ শুক্রবার মামলা করেছেন (মামলা নং-১৩)। যাদের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা পলাতক রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-পৌরসভার নারিকেলবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে আহসান হাবিব বাবু (২৪), আব্দুল হামিদের ছেলে সাদেকুর রহমান দুলু (২৮) ও পশ্চিম কালুডাঙ্গা গ্রামের ছাবেদ আলীর ছেলে শাহিন মিয়া (২৫)।
এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিরা হলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম (২২) ও উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ওসমান গনি সরদার রতন (২৪) ও কর্মী তৌফিক আলম চৌধুরী (২২)।
মামলা সূত্রে জানা গেছে, রংপুর কোতয়ালী থানার ওয়েস্ট পেপার ব্যবসায়ী প্রদীপ বণিক (৩৫) গতকাল বৃহস্পতিবার রাতে তার একজন কর্মচারীসহ মোটর সাইকেলে করে ব্যবসায়িক কাজে রংপুর থেকে উলিপুর উপজেলার বজরা বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে অভিযুক্তরা তাদের পথ আটকে নিজেদেরকে প্রশাসন ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে ব্যবসায়ীর কাছে থাকা দুই লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ছিনতাইয়ের ঘটনা শুনেছি। অপরাধী যেই হোক তাদের শাস্তি হওয়া উচিত। নাঈমের বিষয়টি তদন্ত করে সঠিক প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বলেন, কোনো অপরাধীর স্থান ছাত্রলীগে নেই। নাঈম দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আবু জাফর মো. মঈনুল হক বলেন, বিষয়টি আমি জানি না, আপনার কাছেই প্রথম শুনলাম। যদি এমনটা হয়ে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কারো ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার সংগঠন নেবে না।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর বলেন, ছিনতাইয়ের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
