‘ভোট ডাকাতির মহোৎসব চলছে, আ.লীগকে জেতাতে উঠেপড়ে লেগেছে প্রশাসন’

নজর২৪, চট্রগ্রাম- ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবেন জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের অনিয়ম বিশ্বকে দেখিয়ে দেবো। ভোট ডাকাতির মহোৎসব চলছে, প্রশাসন আওয়ামী লীগ প্রার্থীকে জেতাতে উঠেপড়ে লেগেছে।

 

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় নগরের পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্র ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

ডা. শাহাদাত হোসেন বলেন, প্রত্যেক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নির্বাচনের পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছে। প্রশাসন কোনো সাহায্য সহযোগিতা করছে না।

 

তিনি বলেন, বিএড কলেজ কেন্দ্রে নারী এজেন্টদের মা-র- ধর করা হয়েছে। তাদের কেন্দ্রে ঢুকতেও দেওয়া হয়নি। এতো অনিয়ম, তা আপনারা দেখছেন। ভোটের নামে এসব সন্ত্রাস বিশ্বকে দেখিয়ে দেবো।

 

আরেকটি ভোট ডাকাতির ইতিহাস সৃষ্টি হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘প্রশাসন দেখেও না দেখার ভান করছে। নির্বাচন এখন নির্যাতন এবং প্রহসনে পরিণত হয়েছে। আমাকে বলে দিলেই হতো আপনার ভোট করার দরকার নাই। তাহলে আমি সরে যেতাম। এই তামাশা করার দরকার ছিল না।’

 

দেশের মানুষ এই প্রহসন আর বেশিদিন মানবে না আশা প্রকাশ করে বিএনপি প্রার্থী বলেন, ‘যে দেশের মানুষ ৯ মাসে দেশ স্বাধীন করেছে, তারা এই প্রহসন আর বেশি দিন মানবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *