নজর২৪, রাজশাহী- রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলাকারী বেলাল হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোর মাদরাসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলাল বাসে চড়ে পালাচ্ছিলেন। আরএমপির রাজপাড়া থানা পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
গ্রেফতার হওয়া যুবক নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার শামসুল হকের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে নগরীর সিটি বাইপাস সংলগ্ন ঘোড়া চত্বরে দায়িত্ব পালনকালে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। এ সময় ওই রাস্তা দিয়ে বেলাল নামের এক যুবক হেলমেট না পরেই খালি মাথায় মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। কর্তব্যরত সার্জেন্ট বিপুল তাকে থামিয়ে কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বেলাল ও তার সহযোগী মিলে কাঠের চলা দিয়ে সার্জেন্টকে পেটাতে শুরু করে। আঘাতে সার্জেন্ট মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এলে হামলকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে মোটরসাইকেলটি নিয়ে যেতে পারেনি হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঐদিন দুপুর আড়াইটার দিকে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক সার্জেন্ট বিপুলকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন তিনি।





