নজর২৪, ঢাকা- গ্রেপ্তারের ৮ মাস পর অবশেষে কারামুক্ত হয়েছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।
এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন তার সন্তান। মুক্তি পাওয়ার পর ছেলেকে কাছে পেয়ে আবেগে কেঁদে ফেলেন কাজল।
দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন কাজল। গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মনোরম পলক। তিনি জানান, তার বাবা অত্যন্ত ক্লান্ত। সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।
গত ১০ মার্চ শফিকুল ইসলাম তাঁর বকশিবাজারের বাসা থেকে দৈনিক পক্ষকাল কার্যালয়ের উদ্দেশে বের হন। তিনি হাতিরপুলের মেহের টাওয়ারের কার্যালয়ে পৌঁছান বিকেল সোয়া চারটার দিকে। পৌনে সাতটা থেকে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি।
তাঁর স্ত্রী জুলিয়া ফেরদৌসী পরদিন চকবাজার থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আদালতের হস্তক্ষেপে চকবাজার থানায় শফিকুল ইসলামের ছেলে মনোরম পলক অপহরণের মামলা করেন।
৫৪ দিন ‘নিখোঁজ’ থাকার পর গত ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। এর আগের দিন শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ছেলে মনোরমের সঙ্গে বাবা শফিকুলের কথা হয়। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।
বেনাপোল থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, শনিবার রাতে বিজিবি এক ব্যক্তিকে তাঁদের কাছে দিয়ে যায়। পরে তাঁরা জানতে পারেন, এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।
বেনাপোল থেকে গ্রেপ্তারের পর শফিকুলের বিরুদ্ধে প্রথমে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।





