Home প্রধান খবর ভিপি নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহ মামলা

ভিপি নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহ মামলা

0
157

নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হকের নুুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

 

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম (প্রথম আদালত) আয়েশা বেগমের আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল মামলাটি দায়ের করেন।

 

অভিযোগে মামলার বাদী রবিউল হোসেন রুবেল বলেন, ‘১৬ ডিসেম্বর রাত ৮টার দিকে নুর তার ব্যক্তিগত আইডি থেকে ফেসবুক লাইভে এসে সরকার ও সরকারের সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে উসকে দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা, ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রকাশ করেন।

 

সরকারের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে বেহুদা কমিশন, বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারকে বারবার অবৈধ অর্নিবাচিত সরকার বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শবিরোধী ও ছাত্রলীগ কর্মীদের নিয়ে অশালীন মন্তব্য করেন। তার এমন মিথ্যা বক্তব্যের কারণে দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা ও ফ্যাসাদ সৃষ্টি করেছে।’

 

এছাড়া মামলার বাদী রুবেলকে মাদকাসক্ত ও ফেনসিডিল ব্যবসায়ী বলে মানহানিকর বক্তব্য দিয়েছেন। রুবেল বলেন, ‘আমি মনে করি, নুর বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র সম্পর্কে মিথ্যা ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করে রাষ্ট্রকে অস্থিতিশীল এবং অশান্ত পরিবেশ সৃষ্টি, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মানসে আক্রমণাত্মক মিথ্যা তথ্য প্রকাশ করেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে আমার মানহানি করেছেন। আমি মামলার আসামি নুরের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

 

মামলার আইনজীবী একরাম হোসেন ডালিম জানান, রাষ্ট্রদ্রোহিতার পাশাপাশি মানহানির অভিযোগ এনে ঢাকসুর সাবেক ভিপি ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা নুরের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের সভাপতি বাদী হয়ে মামলটি করেছেন। আদালতের বিচারক আয়েশা বেগম মামলাটি গ্রহণ করেন। এখন এটি আদেশের অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here