নজর২৪ ডেস্ক- ‘বিএনপি পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে’- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মনে হয় যে তারা তাদের পৈত্রিক সম্পত্তি দিয়ে তৈরি করেছে। একজন তো বলছে, বিএনপি উপর দিয়ে যাবে না নীচ দিয়ে? মানে এটা তাদের পৈত্রিক সম্পত্তি।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের পকেট কেটে কেটে সব নেওয়া হচ্ছে। প্রত্যেকটি মানুষ এখানে ট্যাক্স দিচ্ছে। যেখানে এক টাকা সেখানে দশটাকা ট্যাক্স দিতে হচ্ছে। ভ্যাটের পরিমাণ তিন/চার/পাঁচগুণ বেড়ে গেছে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যারা ব্যাংকে টাকা রাখতো, তারা বলছে এখন আর পারছি না। এখন আর সংসার চলছে না। এটা হলো বাস্তবতা। আপনারা গভীরভাবে দেখবেন। এখানে যেটা চলছে সেটা হলো উন্নয়নের নামে পুরোপুরিভাবে একটা লুটপাট। প্রত্যেকটা জায়গায় তারা এখন মুনাফা খোঁজে। বাড়িঘর বানাচ্ছে উড়াল সেতু বানাচ্ছে, মেগা প্রজেক্ট বানাচ্ছে। মেগা লুট করছে।
দেশের উন্নয়ন শুরুই হয়েছে বিএনপির সময়ে দাবি করে তিনি বলেন, উন্নয়ন বলতে গুটি কয়েক মানুষের উন্নয়ন নয়, উন্নয়ন বলতে সাধারণ জনগণের উন্নয়ন। উন্নয়নের ভিত্তি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিলো, সেই ভিত্তির ওপরেই এখন উন্নয়ন হচ্ছে। আজকে যে রেমিটেন্স আসছে, গার্মেন্ট শিল্প, কৃষি বিপ্লব সবই জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিলো।
বিএনপির মহাসচিব বলেন, ব্রিজ নির্মাণ, রাস্তা নির্মাণ এটাও উন্নয়ন তবে সবচেয়ে বড় বিষয় হলো-সাধারণ মানুষের কতোটুকু উন্নয়ন হলো সেটা। তাদের জীবনযাত্রার মান কতটা পরিবর্তন হয়েছে। আজকে দারিদ্র্যের হার কি কমেছে? সাধারণ মানুষ কি সুবিধাগুলো বেশি পাচ্ছে? তারা কি চিকিৎসা সুবিধা পাচ্ছে?
তিনি বলেন, আজকে চিকিৎসার অবস্থা ভয়াবহ, সরকারি হাসপাতালে গেলে দেখবেন কোনো রকমের চিকিৎসার সুযোগ নেই। টাকা থাকলে চিকিৎসা পাবেন না হলে পাবেন না। শিক্ষার অবস্থা কোথায় দাঁড়িয়েছে সেটা সবাই জানেন। দুর্নীতি কি হারে বেড়েছে। এখন তাদের দলের লোকেরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে।
