নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: “যদিও মানছি দূরত্ব তবু্ও আছি সংযুক্ত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।
উপজেলা হল রুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন সভাপতিত্ব করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আয়োজিত এ আলোচনা সভায় ডিজিটাল দিবস সম্পর্কে আলোচনা করা হয়। ডিজিটাল প্রক্রিয়ায় ক্রমান্বয়ে সব সরকারি অফিস আদালতে জনগণকে সেবা দিতে সহজিকরণ ও সুশাসন এবং দূর্নীতিমুক্ত করতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখবে।
এবিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী প্রোগ্রামার মো. রাকিবুল ইসলাম। প্রবন্ধের উপর বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসা, উপজেলা ফিশারিজ অফিসার আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক অফিসার রোকন উদ্দিন, অফিসার ইন চার্জ মিজানুর রহমান আকন্দ, সাংবাদিক আলম ফরাজি, শামছ-ই-তাবরীজ রায়হান প্রমুখ। সভাটির সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।
পরে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হল নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সানজিদা হাবিব বন্যা, মুশুলী বালিকা উচ্চ বিদ্যালের মাহমুদা আক্তার ও চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের স্বরোচিষ দত্ত শ্রেষ্ঠ।
