আন্তর্জাতিক ডেস্ক: গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক ইসরায়েলের পরমাণু অস্ত্র বিস্তার রোধে এক প্রস্তাব পাস হয়। প্রস্তাবে ইসরায়েলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টের বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) ইসরায়েলের সব পরমাণু স্থাপনা পরিদর্শনের আওতায় আনারও আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সাধারণ পরিষদে আনীত ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৫৩টি দেশ। অন্যদিকে, মাত্র ৬টি দেশ বিপক্ষে অর্থাৎ ইসরায়েলের পক্ষে ভোট দেয়। যার মধ্যে দখলদার ইসরায়েলও রয়েছে। বাকি ৫টি দেশ হলো- আমেরিকা, কানাডা, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া ও পালাউ। এ ছাড়া ২৫টি দেশ ভোট প্রদান করা থেকে বিরত থাকে।
প্রস্তাবে ইসরায়েলকে বলা হয়েছে, তারা যেন আর কোনো পরমাণু অস্ত্র সংরক্ষণ না করে। পাশাপাশি তেল আবিবের প্রতি নতুন করে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা কিংবা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, মনে করা হয় যে, দখলদার ইসরায়েলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে। যা গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ ইসরায়েল এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) সই করেনি। এ পর্যন্ত এনপিটিতে স্বাক্ষর করেছে বিশ্বের ১৯১টি দেশ।
