নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের নামে করা মামলা প্রত্যাহার ও বাদীদের গ্রেপ্তার দাবি করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
মুফতি রেজাউল করিম বলেছেন, ‘মামলা প্রত্যাহার করুন। তা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। পরিস্থিতি সামাল দিতে পারবেন না।’
রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।
এ সময় তিনি মামলাকারীদের গ্রেপ্তার করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘সরকার নির্বাচনের আগে জাতির সামনে অঙ্গীকার করেছিল মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করবে এবং ইসলামি নীতি ও আদর্শ পরিপন্থি কোনো কার্যকলাপ গ্রহণ করবে না। কিন্তু ক্ষমতায় এসে সরকার ইসলামবিদ্বেষী কাজ করছে। মূর্তি ও ভাস্কর্য এক ও অভিন্ন। আমরা দুটিরই বিরোধী।
মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ‘আলেমদের নামে উগ্রবাদী ও সীমা লঙ্ঘনকারীরা মিথ্যা মামলা করে পরিস্থিতি ঘোলাটে করছে। মামলা দায়েরকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সরকার লুটপাট, দুর্নীতি ও দেশ পরিচালনায় চরম ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছে।’
