ভাঙচুর করা বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এবার ফাঁকা গুলি

নজর২৪, কুষ্টিয়া- কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পিস্তল উঁচিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

 

শনিবার রাত সাড়ে ৮ টারদিকে পুলিশের উপস্থিতিতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে একটি মাইক্রোবাসে একদল দুর্বৃত্তের মহড়া ও ভাস্কর্যের সাথে বাঁশের বেষ্টনীতে কালো পতাকা উত্তোলনের ঘটনা ঘটে।

 

এরপর দুর্বৃত্তরা এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে মুহূর্তের মধ্যে ওই মাইক্রোবাসেই নির্বিঘ্নে পালিয়ে যায়। এ সময় ভাস্কর্য চত্বরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী ছিল নির্বিকার।

 

এছাড়া দুর্বৃত্তরা শহরের প্রবেশমুখ মজমপুর গেট চত্বরে অবস্থিত সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও তার ভাই শিহাব উদ্দিন পরিচালিত ঢাকা-কুষ্টিয়া পরিবহন এসবি কাউন্টার ভাঙচুর করে।

 

ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব সদস্যরা স্বীকার করে জানান, ভাস্কর্য চত্বরে ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

 

ফাঁকা গুলি ছোড়ার বিষয়ের প্রশ্নে অতিরিক্ত ডিআইজি এ.কে.এম নাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে তারাই এই গুলির ঘটনা ঘটিয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত দিয়ে দুর্বৃত্তরা আমাদের প্রাণে আঘাত করেছে। এদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতের কোনো এক সময়ে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের হাত ও মুখ ভাঙচুর করে দুর্বৃত্তরা। এই ঘটনায় উত্তাল রয়েছে জেলার রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *