Home প্রধান খবর স্কুল থেকে জিয়ার নাম পরিবর্তন করায় বিক্ষোভ, নতুন নাম মুছে দিলো বিএনপির...

স্কুল থেকে জিয়ার নাম পরিবর্তন করায় বিক্ষোভ, নতুন নাম মুছে দিলো বিএনপির নেতাকর্মীরা

0
80

নজর২৪, ঢাকা- পুরান ঢাকার বংশাল এলাকার মোগলটুলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে এ মিছিল করা হয়।

 

রোববার (২৯ নভেম্বর) বংশাল মোড় থেকে মিছিল শুরু করেন নেতাকর্মীরা। সেখান থেকে মোগলটুলী এলাকায় বিদ্যালয়টির সামনে যান তারা। বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা বিদ্যালয়ের পরিবর্তিত নামফলক ‘পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয়’ কালি দিয়ে লেপটে দেন।

 

পরে বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরে নবাবপুর সড়কে পথসভা করেন তারা।

 

সেখানে হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। যে প্রতিবাদ শুরু হয়েছে তা চলবে।’

 

পথসভায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, তার বাবা অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ শে মার্চ জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে সম্প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করা হয়েছে। এলাকাবাসী বা কারো চাহিদা না থাকলেও সিটি কর্পোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় ক্ষোভ জানান তিনি।

 

এর আগে গতকাল শনিবার এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ‘বিগত ১২ বছর শত চেষ্টা করে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলতে পারেনি, কখনো পারবেও না। জিয়াউর রহমান গণমানুষের নেতা, দেশের সফল রাষ্ট্রনায়ক। গণমানুষের কল্যাণে তার রাজনীতি ও কর্মসূচির জন্য তিনি গণমানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তার নাম যারাই মুছে ফেলার চেষ্টা করবে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here