নিজস্ব প্রতিবেদক, নজর২৪- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক অবশেষে নিজের অবস্থান তুলে ধরেছেন।
রবিবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান পরিস্থিতিতে নিজের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্যে মামুনুল হক বলেন, বেশকিছু ধরে কিছু ভুল তথ্যের ভিক্তিতে আমার বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে। সরকারদলীয় সংগঠন আমার বিরুদ্ধে আন্দোলন করছে। সেইসাথে বিভিন্ন সংবাদ ও যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভ্রান্তিকর কিছু তথ্য প্রচার হচ্ছে। এহেন পরিস্থিতিতে জাতির সামনে আমার নিজের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান তুলে ধরাটা জরুরি মনে করছি।
তিনি বলেন, কিছুদিন ধরে ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গন। কিন্তু একটি মহল ভাস্কর্য নির্মাণের বিরোধীতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধীতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে।
“তবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসিবে আমি পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাগফেরাত কামনা করি। কখনো কোনভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধে বিরুদ্ধচারণ করি না। এবং করাকে সমীচীনও মনে করি না। আমি আবারও স্পষ্ট করে বলছি, আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়।”
সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, কোনো ষড়যন্ত্র অথবা গোপন আতাদের মাধ্যমে দেশ, রাষ্ট্র বা সরকার বিরোধী কোনো কর্মসূচী আমাদের নেই। বর্তমানে আমাদের সংগঠন খেলাফত মজলিস ও ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক জোটে যুক্ত নই। আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্তেও লক্ষ করছি একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমাকে সরকারের মুখোমুখী দাঁড় করিয়ে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। আর এজন্য জামায়াত শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে অমূলক অভিযোগ আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি।
এসময় তিনি আরও বলেন, ইসলাম বিদ্বেষী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এর বিরুদ্ধে মিথ্যা অপবাধ ও জঘন্য কটুক্তি করে যাচ্ছে। তাদের হাজারো অনুসারীদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। অথচ সরকার ও প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার। আমরা এ বিষয়ে সরকারের যথাযত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
নিজের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে দাবি করে মামুনুল হক বলেন, অবস্থার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। ভুল তথ্যের ভিক্তিতে প্রশাসনকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে।
হেফাজতের এই নেতা বলেন, আলেম ওলামা ও ইসলাম বিরোধী এমন বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর বাদ জুমা বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল অনুস্থিত হয়। স্বতঃস্ফূর্ত তৌহিদী জনতার সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং ২৩ জন মিছিলকারীকে আটক করে। আমরা আটককৃত সকলকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি।





