যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত: হানিফ

নজর২৪, ঢাকা- শাপলা চত্বরে কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত। লেজ গুটিয়ে পালিয়েছিল তারা, কোনো হুমকিতে কাজে আসবে না। সরকারের শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত।

 

তিনি বলেন, কুয়ার ব্যাঙ কুয়ায় লাফালাফি করেন, নদীতে নয়। এটা দুনিয়া, দুনিয়াটা অনেক বড়। উগ্রবাদীদের কথা দেশের মানুষ সমর্থন করে না। দেশের জনগণকে উগ্রবাদীকে পছন্দও করে না। তাই জনগণ তাদের ছাড় দেবে না।

 

শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই, এটি ঠেকানোর কোনো শক্তির ক্ষমতা নেই মন্তব্য করে হানিফ বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এ দেশে প্রতিষ্ঠা করা হবেই। যারা এর বিরুদ্ধে হুমকি-ধমকি দেবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র আইনগত ব্যবস্থা নেবে।

 

তিনি আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ৭১’ এর পরাজিত শক্তি আবারো বাংলাদেশের বিরুদ্ধে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। হুমকিদাতারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের প্রেতাত্মা। দেশের জনগণ তাদের বিরোধিতা কখনোই মেনে নেবে না।

 

হানিফ বলেন, হঠাৎ আলেম-ওলামারা উগ্রবাদীর মতো কথা বলে মাঠ গরম করার চেষ্টা করে যাচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। তারা বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণে বাধা দিচ্ছে। তারা বলছে, তারা না কি ইসলামের ধারক-বাহক। ইসলাম হলো শান্তির ধর্ম। কিন্তু এসব আলেমরা যা বলে তা ইসলামের ভাষা নয়।

 

তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে, তারা ইসলামের জন্য এসব করে না। ইসলাম শান্তির ধর্ম বলেই সারা পৃথিবীতে ইসলাম বিস্তৃত। কিন্তু এসব আলেমদের কথা উগ্রবাদী, জঙ্গিদের মতো। উগ্রবাদী, জঙ্গিদের মতো কথা বলে আপনারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান?

 

এ সময় তুরস্ক, সৌদিআরবসহ অনেক দেশে ভাস্কর্য আছে উল্লেখ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

 

তিনি বলেন, যেখান থেকে ইসলাম শুরু হয়েছে সেখানকার মানুষ তো ভাস্কর্য বিরোধী কথা বলে না। কিন্তু আপনারা উগ্রবাদীর মতো কথা বলে মাঠ গরম করে যাচ্ছেন। এটা ইসলামের ভাষা হতে পারে না। উগ্রবাদীদের কথা দেশের মানুষ মেনে নেবে না।

 

শেখ হাসিনা এখন সারা বিশ্বে রোল মডেল উল্লেখ করে মাহাবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তা সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে। করোনা মধ্যে সারা পৃথিবীতে যখন জিডিপির হার কমছে তখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *