বাংলাদেশ-আর্জেন্টিনার উন্নতি, ব্রাজিল আগের অবস্থানেই

স্পোর্টস ডেস্ক- নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জয়ের প্রভাব তাহলে পড়ল বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে!

 

১৩ ও ১৭ নভেম্বর মুজিব বর্ষ প্রীতি সিরিজে দুই ম্যাচের প্রথমটিতে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ, পরের ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। দুই ম্যাচের সিরিজ তাতে ১-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। ফিফার সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

 

গত মাসে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৮৭, আজ প্রকাশিত সবশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ১৮৪তম স্থানে। জেমি ডের দলের র‍্যাঙ্কিং পয়েন্ট বেড়েছে ৬টি, গত মাসে পয়েন্ট ছিল ৯১৪।

 

বাংলাদেশ জাতীয় দলের বাইরে আন্তর্জাতিক ফুটবলে যে দুটি দল নিয়ে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি মাতামাতি, এর মধ্যে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আর্জেন্টিনারও। ২০২২ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে এবার শুরুটা বেশ ভালো হয়েছে লিওনেল মেসির দলের। ৪ ম্যাচের ৩টিতে জিতেছে, অন্যটি হয়েছে ড্র। দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট তালিকায় ব্রাজিলের পরেই দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা।

 

ভালো ফলের পুরস্কার র‍্যাঙ্কিংয়েও পেয়েছেন মেসিরা। গত মাসে প্রকাশিত র‍্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়েছিল আর্জেন্টিনা, সেবার ৯ নম্বর থেকে উঠে এসেছিল ৮ নম্বরে। আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়েও আরেক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। মেসিরা এখন র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে। র‍্যাঙ্কিং পয়েন্টও বেড়েছে ৬টি, বর্তমানে আর্জেন্টিনার র‍্যাঙ্কিং পয়েন্ট ১৬৪২।

 

ব্রাজিলের জন্য অবশ্য এবারের র‍্যাঙ্কিংও হতাশার খবর নিয়ে আসছে। বিশ্বকাপ বাছাইয়ে এবার চার ম্যাচের সব কটিতেই জিতেছে ব্রাজিল, কিন্তু সেটির ছাপ র‍্যাঙ্কিংয়ে এখনো সেভাবে পড়ছে না। গত মাসে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৩ নম্বরে ছিল ব্রাজিল, এবারও আছে সেই ৩ নম্বরেই। তবে র‍্যাঙ্কিং পয়েন্ট বেড়েছে। আগের র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট ছিল ১৭২৫, আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে ব্রাজিলের পয়েন্ট বেড়েছে ১৮টি।

 

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বর্তমানে সেই দেশে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের বিপক্ষে মাঠে নামবে জেমি ডের শিষ্যরা। এর আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রথমটিতে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পরেরটি গোল শূন্য ড্র হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *