Home প্রধান খবর মসজিদে বিয়ে করলেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

মসজিদে বিয়ে করলেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

0
130

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ বিয়ে করেছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবার ও কিছু ঘনিষ্ঠজনরা। আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।

এদিকে বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ১০ সেকেন্ডের একটি ভিডিও। তাতে দেখা যায়, ঘিয়ে রঙের পাঞ্জাবি পরে মসজিদে মাথা নিচু করে বসা আয়মান। আশপাশে পরিবারের সদস্যরা। অন্যদিকে, বধূর সাজে মুনজেরিনের ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যোজ্জ্বল সেই ছবিতে নববধূকে দেখা গেলো- হালকা গোলাপী রঙের শাড়ি, গলায় মালা এবং কানে দুল পরা। নেটিজেনরা তাদের দুজনের ছবি শেয়ার করে শুভকামনা জানাচ্ছেন। ‘খোঁচা’ দেওয়ার সুযোগও ছাড়ছেন না অনেকে।

এর আগে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আয়মান-মুনজেরিন জুটির বিয়ের খবর ছড়িয়ে পড়ে। তাদের বিয়ের আমন্ত্রণপত্রের একটি কার্ডও দেখা যায় অনেককে শেয়ার করতে। তাতে যে তথ্য ছিল, তা বিবাহোত্তর সংবর্ধনার। তাহলে আয়মান-মুনজেরিনের বিয়ে কবে, তা নিয়ে জানার আগ্রহ ছিল সবার। কেউ কেউ বলছিলেন- হয়তো আগেই বিয়ে সেরে ফেলেছেন এ জুটি। সেই প্রশ্নের জবাব জানা গেলো শুক্রবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষার্থী আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here