পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব করোনায় আক্রান্ত

নজর২৪, ঢাকা- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তারা দু’জনেই সুস্থ আছেন।

 

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগ দিতে নাইজার সফর সামনে রেখে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে মন্ত্রী ও সচিবের করোনা পরীক্ষা করা হয়।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পরীক্ষার ফলে জানা যায়— তারা দু’জনেই করোনা সংক্রমিত। তবে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের শরীরে এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না।

 

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। ওআইসি’র এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

অন্যদিকে নাইজার সফর উপলক্ষ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *